বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার বন্ধু শাহরিয়ার রেজা দীপের দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনাস্থল পরিদর্শনের সময় দীপ দাবি করেছেন, গত ২৭ অক্টোবর রাতে ইউনিফর্ম পরা কিছু লোক ধাওয়া দেওয়ায় তাহসিফ তুরাগ নদীতে ঝাঁপ দিয়েছিলেন। তবে দীপের এমন দাবি পুরোপুরি মানতে নারাজ তদন্ত সংশ্লিষ্টরা।
এদিকে দীপের এমন বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন নিহত তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তার ছেলে সাঁতার জানত এবং পেশাগতভাবে সে একজন দক্ষ পাইলট ছিলেন। তাই ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুর এই গল্পকে তিনি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট বলে মনে করছেন। তার মতে, পুরো ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি গভীর চক্রান্ত চলছে।
তদন্তের অগ্রগতির অংশ হিসেবে সম্প্রতি ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার দিন ঘর থেকে বের হওয়ার সময় তাহসিফও ঠিক এই ধরনের একটি মোটরসাইকেলই ব্যবহার করেছিলেন। বর্তমানে গাড়িটির প্রকৃত মালিকানা যাচাইসহ হত্যা, দুর্ঘটনা নাকি আত্মহত্যা—সবগুলো দিক অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পিবিআই।



