সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার সকাল ৮টা ২১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩৩৬) একটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়।
এর আগে গত ৯ আগস্ট ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের পর প্রথম দফায় ২৭ আগস্ট ৯ জনের মরদেহ দেশে আনা হয়। বাকি সাতজনের শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত সম্ভব হয়নি; পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। শনাক্ত হওয়া এই সাতজনের মধ্যে নওগাঁর পাঁচজন এবং নাটোরের দুইজন বাসিন্দা রয়েছেন। বিমানবন্দরে প্রিয়জনের মরদেহ গ্রহণ করতে এসে শোকে ভেঙে পড়েন স্বজনরা।
রিয়াদ থেকে সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় মরদেহগুলো সড়কপথে প্রথমে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়, সেখান থেকে ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়। নিহত শ্রমিকদের মধ্যে নওগাঁর পার নওগাঁর শাহিন, দুবাই গ্রামের হাসিবুল হাসান, মধ্যবোয়ালিয়ার মিনহাজ প্রামাণিক, মাধবপুরের মাসিদুল সরদার, সাহানগরের সাগর আলী এবং নাটোরের লালপুরের মোহাম্মদ শামীম ও শরিফ হোসেন রয়েছেন।
