চলতি বছরের ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার সামগ্রিক পাসের হার ৫২.১২ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন। এর মাধ্যমে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটলো।
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। গত ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করতে হয়। পরবর্তীতে স্থগিত পরীক্ষাগুলো সম্পন্ন করা হয় এবং ১৫ আগস্টের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।
ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহের নিয়ম
উদ্বোধনের পরপরই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল উন্মুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে সমন্বিত রেজাল্ট শিট ডাউনলোড করতে বলা হয়েছে। এছাড়া শিক্ষার্থীরাও এই দুই ওয়েবসাইট ও স্ব স্ব বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে ব্যক্তিগত ফল সংগ্রহ করতে পারবে।
এসএমএসের মাধ্যমে ফল জানার প্রক্রিয়া
যেকোনো মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠিয়ে সহজেই ফলাফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬ এবং পাঠিয়ে দিতে হবে ১৬১৪০ নম্বরে।
(উদাহরণ: HSC DHA 123456 2026)
পুনঃনিরীক্ষণ ও বিশেষ নির্দেশনা
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি কোনো ফলাফল পাওয়া যাবে না। প্রকাশিত ফলাফলে কোনো আপত্তি থাকলে তা পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।




মন্তব্য
এখনো অনুমোদিত মন্তব্য নেই।