পাবনা সদর উপজেলার গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব না হলেও নিহতদের সবাই কিশোর ও তরুণ বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বিভিন্ন স্থান থেকে কয়েকজন মাছ ধরতে সোনাপাতি বিলে যান। বিকেলে হঠাৎ মুষলধারে বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হলে তারা বিলের মাঝে পলিথিন দিয়ে ঘেরা একটি টঙ ঘরে আশ্রয় নেন। ওই ঘরের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান এবং তিনজন মারাত্মকভাবে আহত হন।
দুর্গম বিল এলাকা হওয়ায় ঘটনার পর বেশ কিছুক্ষণ আহত ও নিহতরা সেখানেই পড়েছিলেন। সন্ধ্যার দিকে বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু এবং পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে কিছু বিলম্ব হয়, তবে বর্তমানে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে মরদেহ উদ্ধারের কাজ সম্পন্ন করছে।



