প্রিন্ট এর তারিখঃ Oct 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 15, 2025 ইং
জবি শিক্ষার্থীরা ৩ দফা দাবি বাস্তবায়নে অনড়

বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা রাজধানীর কাকরাইল মোড়ে এখনো অবস্থান করছেন। গতকাল বুধবার দুপুর থেকে রাতভর অবস্থানের পরও প্রতিবেদন লেখা পর্যন্ত কাকরাইল মসজিদের সামনে চৌরাস্তা মোড়ে অবস্থান করছেন তারা।
শিক্ষার্থীদের ওপর বুধবারের পুলিশের হামলা এবং আবাসন সংকট নিরসনসহ ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন বলে জানান।
আজ সরেজমিন দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বৃষ্টির মধ্যে সড়ক অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। দাবি মেনে নেয়ার জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছেন তারা।
এর আগে গতকাল বুধবার বেলা পৌনে ১২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয়। এক পর্যায়ে তারা সামনে যেতে চাইলে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে অর্ধশত শিক্ষার্থী আহত হন।
খবর পেয়ে বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কাকরাইল মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন। বাস ভর্তি করে আরো শিক্ষার্থী আন্দোলনে যোগ দেয়। রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কাকরাইল মোড়ে সাংবাদিকদের ব্রিফিং করেছিলেন। এ সময় একটি পানির বোতল তার মাথার ওপর এসে পড়লে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ঘোষণা দেন তারা রাতভর অবস্থান করবেন। কথা অনুযায়ী রাতভর শিক্ষার্থী কাকরাইল মোড়ে অবস্থান করছিলেন।
সকাল থেকে শিক্ষার্থীরা দলে দলে এসে যোগ দিতে থাকে। আন্দোলনকারীদের উপস্থিতি বাড়তে থাকে। বেলা সাড়ে ১২টা নাগাদ বৃষ্টি শুরু হলেও শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে নানারকম স্লোগান দিচ্ছিলেন। দাবি আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান সাংবাদিকদের।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস ২৪