
নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্ত সৈনিক নাইমুল ইসলাম এবং তাঁর দুই সহযোগীকে রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের ভাষ্যমতে, গত ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরখাস্ত সেনাসদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উসকানিমূলক’ বক্তব্য প্রচার করছিলেন নাইমুল। এরই অংশ হিসেবে রবিবার (১৮ মে) ঢাকার সেনানিবাস ঘিরে বড় ধরনের বিক্ষোভ ও নাশকতার পরিকল্পনা ছিল তাঁদের।
সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল শনিবার দুপুর ২টার দিকে খিলক্ষেতের বটতলা বাজার এলাকায় নাইমুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ও তাঁর সহযোগীরা ওই দলের ওপর অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালান। পরে আশপাশের সেনা ক্যাম্প থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে নাইমুল ইসলামের বিরুদ্ধে স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন, শারীরিক ও মানসিক নিপীড়ন এবং সামরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে বর্তমানে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আইএসপিআর জানিয়েছে, জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।