
সপ্তম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। সোমবার (১৯ মে) সকালে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান এবং বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তবে এবার শাকিল কেবল শৃঙ্গ জয় করেই থেমে থাকেননি—তিনি গড়েছেন এক অনন্য বিশ্বরেকর্ড।
শাকিলের এবারের অভিযান ছিল ‘সি টু সামিট’ শীর্ষক, যার মাধ্যমে তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে পদযাত্রার মাধ্যমে দ্রুততম সময়ে এভারেস্ট জয় করে নজিরবিহীন কৃতিত্ব অর্জন করেন। এতে তিনি হয়ে উঠেছেন সর্বকনিষ্ঠ অভিযাত্রী, যিনি এভাবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেছেন।
বাংলা মাউন্টেনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) সমন্বয়ক সাদিয়া সুলতানা শম্পা ‘Ikramul Hasan Shakil - ইকরামুল হাসান শাকিল’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই সাফল্যের খবর নিশ্চিত করেন।
তিনি জানান, শাকিল এভারেস্ট জয় শেষে বর্তমানে ক্যাম্প-৪ এ অবস্থান করছেন। শাকিল কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে পদযাত্রা শুরু করে প্রায় ১,৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাত্র ৯০ দিনের মধ্যেই চূড়ায় পৌঁছান। এটি একটি নতুন বিশ্বরেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে যাত্রার শেষ পর্বে যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে শাকিল ঠিক কোন সময় চূড়ায় পৌঁছেছেন এবং তার দলের সদস্য সংখ্যা কত ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এই সাফল্য শুধু শাকিলের একক অর্জন নয়, এটি বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত করল। দেশে-বিদেশে এই কীর্তি ইতোমধ্যে প্রশংসিত হচ্ছে।