
বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারের রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ গঠন এবং চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত কোনো অরাজনৈতিক বা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৯ মে) রাজধানীর লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট সংক্রান্ত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “চট্টগ্রাম বন্দর সম্পর্কেও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, একটি নন-পলিটিক্যাল বা ইন্টারিম সরকারের কি এসব বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা প্রয়োজন আছে?”
তিনি অভিযোগ করেন, “এই সরকারের ওপর মানুষের প্রত্যাশা খুব বেশি নয়, কারণ এটি একটি সীমিত ক্ষমতার সরকার। জনগণের ম্যান্ডেট না থাকা অবস্থায় তারা না জনমত বুঝতে পারে, না ব্যবসায়িক সমাজের সঙ্কেত ধরতে পারে।”
তিনি আরও মন্তব্য করেন, “বর্তমান পরিস্থিতিতে সরকারের উচিত মূল কাজটিতে মনোনিবেশ করা, না যে সিদ্ধান্তগুলো দেশের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।”