
গাজায় হামাসের কাছে জিম্মি থাকার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মুক্তি পাওয়া ইসরায়েলি সেনা নামা লেভি। তিনি বলেন, “জিম্মি অবস্থায় সবচেয়ে বড় ভয় ছিল হামাস নয়, ইসরায়েলি বিমান হামলা।” সম্প্রতি তেল আবিবে জিম্মি মুক্তির দাবিতে আয়োজিত এক গণসমাবেশে তিনি এই অভিজ্ঞতা ভাগ করে নেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির আওতায় গাজা থেকে মুক্ত হয়ে ফেরত আসেন নামা লেভি। তিনি ছিলেন হামাসের হাতে বন্দি পাঁচ নারী আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) সদস্যের একজন।
তিনি জানান, একবার তিনি যে ঘরে ছিলেন, সেই বাড়ির উপর সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে সৌভাগ্যক্রমে তিনি বাড়ির এমন পাশে ছিলেন, যেটি হামলার মূল লক্ষ্য ছিল না। তিনি বলেন, “আপনার পক্ষে তখন দৌড়েও পালানো সম্ভব নয়। নিজেকে তখন চূড়ান্তভাবে অসহায় মনে হয়।”
এমন অভিজ্ঞতা আরও একজন মুক্তিপ্রাপ্ত জিম্মিও সম্প্রতি ভাগ করে নিয়েছেন। তিনি বলেন, “আমরা সবচেয়ে বেশি ভয় পেয়েছি ইসরায়েলের বিমান হামলা থেকে—হামাস নয়। ভয় ছিল, ওরাই মেরে দিয়ে বলবে, হামাস আমাদের হত্যা করেছে।”
নামা লেভির মতো জিম্মিদের অভিজ্ঞতা ইসরায়েলি সমাজে ক্রমবর্ধমান অসন্তোষ এবং যুদ্ধ পরিচালনার কৌশল নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।