
ইসরায়েলের সর্বশেষ বিমান ও স্থল হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ৫৯ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন ছিলেন বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণকেন্দ্রে খাবার নিতে আসা মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষুধার্ত মানুষগুলোকে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি বাহিনী।
রোববারও দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান ১২ জন ফিলিস্তিনি। গাজার উত্তরের বেইত লাহিয়ায় দলবদ্ধ ফিলিস্তিনিদের ওপর গুলি চালানো হলে নিহত হন আরও সাতজন।
আল-আওদা হাসপাতালের চিকিৎসকরা আলজাজিরাকে জানান, রোববার নেটজারিম করিডোরের কাছে একটি জিএইচএফ ত্রাণকেন্দ্রে খাবারের জন্য আসা মানুষদের ওপর গুলি চালালে অন্তত তিনজন নিহত ও অনেকেই আহত হন।
আহমেদ আল-মাসরি নামের এক ফিলিস্তিনি বলেন, “খাবার দেওয়ার কথা বলে আমাদের ত্রাণকেন্দ্রে ডেকে এনে সেখানে গুলি চালানো হয়েছে। এটি ছিল একটি ফাঁদ।”
গাজার মানবিক সংকট আরও গভীর হচ্ছে। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা ও খাদ্য সংকট, যার ফলে বেসামরিক জনগণের জীবন এখন চরম অনিশ্চয়তায়।