
মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে বিস্ফোরক এক দাবি তুলেছেন ইরানের শীর্ষ এক সামরিক কর্মকর্তা। তিনি জানিয়েছেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে পাকিস্তানও ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক জবাব দেবে।
সোমবার (১৬ জুন) ভারতের এনডিটিভি–র এক প্রতিবেদনে বলা হয়, এই মন্তব্য করেছেন ইরানের প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মহসেন রেজায়ি।
তিনি দাবি করেন, পাকিস্তান এই প্রতিশ্রুতি ইরানকে দিয়েছে এবং মুসলিম বিশ্বের ঐক্যের পক্ষে অবস্থান নিয়েছে।
এই অবস্থায় আশঙ্কা বাড়ছে ইসরায়েলের পারমাণবিক হামলার সম্ভাবনা নিয়ে। এমন পরিস্থিতিতেই ইরানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল রেজায়ি বলেন,
“পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে, ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে তারাও পারমাণবিক হামলায় জবাব দেবে।”
এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক অনলাইন পোস্টে লেখেন,
“ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়েই পশ্চিমাদের ভাবা উচিত। কারণ এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা বিশ্বকে বিপদের মুখে ফেলতে পারে। ইসরায়েল একটি বেপরোয়া রাষ্ট্র, যাকে সমর্থন করে পশ্চিমারা মারাত্মক ভুল করছে।”
“যদি ইরান যুক্তরাষ্ট্রকে আঘাত করে, তাহলে আমেরিকার সশস্ত্র বাহিনী এমন শক্তি নিয়ে পাল্টা জবাব দেবে, যা ইতিহাসে কেউ কখনও দেখেনি।”
এই পারমাণবিক উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, বরং এতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার একাধিক শক্তিধর দেশ কৌশলগতভাবে জড়িয়ে পড়েছে, যা গোটা বৈশ্বিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।