প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 20, 2025 ইং
উত্তর-পশ্চিমে একাধিক রকেট ছুড়ল উত্তর কোরিয়া

ইরান-ইসরায়েল সংঘাত চলাকালে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পূর্ব এশিয়ায়। এ অবস্থায় উত্তর কোরিয়া একযোগে ১০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৯ জুন) উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে উত্তর-পশ্চিম উপকূলমুখী দফায় দফায় রকেট ছোড়া হয় বলে রয়টার্স ও ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে।
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, ছোড়া রকেটগুলো উপকূলীয় অঞ্চলে পতিত হয়েছে, তবে এগুলোর ধরন ও পাল্লা সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। বিষয়টি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা যৌথভাবে বিশ্লেষণ করছে।
উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে উসকানিমূলক বলে অভিহিত করেছে ওয়াশিংটন ও সিউল। তারা জানিয়েছে,
“যেকোনো আক্রমণ বা উসকানির জবাবে আমরা প্রস্তুত।”
উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ। ফলে এই রকেট নিক্ষেপ সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে থাকতে পারে বলেও আশঙ্কা করছে আন্তর্জাতিক সম্প্রদায়।
কোরিয়া হেরাল্ড জানিয়েছে, উত্তর কোরিয়ার রকেট নিক্ষেপের ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান একটি ত্রিপাক্ষিক আকাশ মহড়া সম্পন্ন করেছে। এই মহড়ার লক্ষ্য ছিল আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করা।
বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার এই রকেট উৎক্ষেপণ ত্রিপাক্ষিক মহড়ার প্রতি একটি সরাসরি প্রতিক্রিয়া হতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস