প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 16, 2025 ইং
যদি বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব : সারজিস

গোপালগঞ্জে সমাবেশে হামলার ঘটনায় উত্তপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, “আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব—না হলে ফিরব না।”
বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম তার পোস্টে লিখেন, “গোপালগঞ্জে খুনি হাসিনার দালালরা আমাদের ওপর আক্রমণ চালিয়েছে। পুলিশ দাঁড়িয়ে শুধু নাটক দেখছে, কোনো ভূমিকা নিচ্ছে না।”
তিনি আরও লিখেন, “সারা দেশের মানুষ গোপালগঞ্জের দিকে ছুটে আসুন। এখানকার বিবেকবান ছাত্র-জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনার আজই শেষ দিন।”
এর আগে, দুপুর সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় তাদের পদযাত্রায় ফের হামলার ঘটনা ঘটে। এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেন, এই হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা সাউন্ড সিস্টেম, চেয়ার-মাইকসহ মঞ্চের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এছাড়া, এনসিপির গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেলও ছোঁড়া হয়।
শেষ খবর অনুযায়ী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে রয়েছে। গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
এনসিপি দাবি করেছে, এসব হামলা সরকারপন্থী গোষ্ঠী এবং প্রশাসনের নীরব ভূমিকার অংশ। তারা দ্রুত বিচার ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস