প্রিন্ট এর তারিখঃ Oct 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 19, 2025 ইং
হেঁটেই সমাবেশে আসছেন জনতা: গোলাম পরওয়ার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক মহাসমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, "মানবিক ও দুর্নীতিমুক্ত একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।"
শনিবার (১৯ জুলাই) দুপুরে সমাবেশস্থলের পাশেই আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখো মানুষ সমাবেশে অংশ নিতে ঢাকায় এসেছেন। “টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া—সব জায়গা থেকে মানুষ আজকের মহাসমাবেশে অংশ নিতে এসেছে। অনেকেই ফজরের নামাজ পড়ে রওনা হয়েছেন,” বলেন তিনি।
গোলাম পরওয়ার আরও জানান, ঢাকার আবদুল্লাহপুর, গাজীপুরসহ বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছাচ্ছেন। কোথাও কোথাও যানবাহনের অভাব থাকায় অনেকে পায়ে হেঁটেই সমাবেশে এসেছেন বলেও জানান তিনি।
এদিনের জনসমাগমের কারণে নগরবাসীর ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, “এই সাময়িক অসুবিধার জন্য আমরা নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
জুলাই মাসের গণআন্দোলনে আহতদের পুনর্বাসন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “জুলাইযোদ্ধাদের কথা দিয়েছিলাম—তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব জামায়াত নেবে। অনেকের বাড়িতে গিয়েছি, সাধ্য অনুযায়ী আর্থিক সহায়তা দিয়েছি। সরকার ও অন্যান্য দল থেকেও সহায়তা এসেছে, তবে অনেক দেরিতে। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা শহীদ ও আহত পরিবারগুলোর পূর্ণ মর্যাদা নিশ্চিত করব।”
তিনি আরও জানান, “১০ টাকা থেকে শুরু করে হাজার টাকার অনুদানে আমাদের নেতাকর্মীরা এই সহায়তা করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন ছাত্র-জনতার দীর্ঘদিনের দাবি। আজকের জনসভায় সেটিও আমাদের অন্যতম প্রধান দাবি—যাতে এই ঘোষণার আইনি ভিত্তিও নিশ্চিত করা হয়।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস ২৪