প্রিন্ট এর তারিখঃ May 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 28, 2025 ইং
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জামায়াত প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ

বগুড়া প্রতিনিধি: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ নন্দীগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রবিবার (২৭ জুলাই) বিকেলে নন্দীগ্রাম উপজেলা জামায়াত কার্যালয়ে উপজেলা জামায়াতের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ড. ফয়সাল পারভেজ বলেন, “কাহালু-নন্দীগ্রাম উপজেলার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে জামায়াত আমাকে মনোনয়ন দিয়েছে। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ইতোমধ্যে নির্বাচনী গণসংযোগ শুরু করেছি। সাংবাদিকরা জাতির বিবেক, তাদের মাধ্যমে এলাকার প্রকৃত চিত্র উঠে আসে। আমি দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষ সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল।”
তিনি আরও বলেন, “জনগণের রায়ে যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তবে কাহালু-নন্দীগ্রামের সেবক হিসেবে উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করব। রাস্তাঘাট, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে ইনশাআল্লাহ।”
সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান, সেক্রেটারি গোলাম রব্বানী, সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, কর্মপরিষদ সদস্য রুহুল আমিন যুক্তিবাদী, শেখ সাদী, পৌর জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম, অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, যুব জামায়াতের সভাপতি রাকিবুল হাসান, ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদের সিদ্দিক এবং বর্তমান সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস