বরগুনার বেতাগী উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। রোববার (২৭ জুলাই) সকালে বেতাগী থানায় মো. জাহিদ হাসান নামে ব্যবসায়ী মামলাটি করেন। মামলার পরেই অভিযুক্ত একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ ।মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, বেতাগীর বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাচ (২৭) ও একই ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আদিল সিকদার (২৫)। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০ থেকে ১২ জনকে। এর মধ্যে আদিলকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বাদী মো. জাহিদ হাসান বলেন, ‘বালু ফেলার সময় এক লাখ টাকা চাঁদা চাওয়া হয়। চাঁদা না দেওয়ায় আমাকে মারধর ও হুমকি দেওয়া হয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই মামলা করতে বাধ্য হয়েছি।’বেতাগী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির উদ্দীন মাহামুদ বলেন, ‘চাঁদাবাজদের কোনো ছাড় নেই। অভিযোগ প্রমাণিত হলে হেলালের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বেতাগী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘এ মামলায় ইতোমধ্যে একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’