প্রিন্ট এর তারিখঃ Oct 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 28, 2025 ইং
ব্যাংককে পাঁচজনকে গুলি করে হামলাকারীর আত্মহত্যা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বাজারে সোমবার এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। থাইল্যান্ড পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, নিহতদের মধ্যে বন্দুকধারী নিজেও আছেন, যিনি আত্মহত্যা করেছেন।
মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর উপকমিশনার চারিন গোপাত্তা জানান, নিহতদের মধ্যে পাঁচজন ওই বাজারের নিরাপত্তারক্ষী ছিলেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত বন্দুকধারীর পরিচয় এবং তার উদ্দেশ্য সম্পর্কে তদন্ত করছে।
ব্যাংককের বাং সুঁয়ে এলাকার পুলিশ কর্মকর্তা সানোং সেংমানি জানান, গুলিবিদ্ধ হওয়ার সময় ওই বাজারে পর্যটকরা উপস্থিত ছিলেন, কিন্তু তাদের কেউ হতাহত হয়নি। এ বাজারে মূলত কৃষিজাত পণ্য বিক্রি হয়।
পুলিশের প্রকাশ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, সাদা টুপি পরিহিত এক সন্দেহভাজন ব্যক্তি বাজারের পার্কিং এলাকায় হাঁটছেন, তার বুকের সামনে একটি ব্যাকপ্যাক ঝুলানো ছিল।
থাইল্যান্ডে এ ধরনের বন্দুকধারীর হামলা নতুন ঘটনা নয়। ২০২৩ সালের অক্টোবর মাসে একটি বিলাসবহুল শপিং মলে ১৪ বছর বয়সী এক সন্দেহভাজন গুলিবর্ষণ করে দুইজনকে হত্যা ও পাঁচজনকে আহত করেছিল। এর আগেও, ২০২২ সালে দেশটির পূর্বাঞ্চলের এক নার্সারিতে সাবেক পুলিশ কর্মকর্তার গুলির ঘটনায় ৩৬ জন নিহত হয়েছিলেন, যার মধ্যে ২২ জন শিশু ছিলেন।
থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ, যেখানে পর্যটন খাত অর্থনীতির একটি প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচিত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস ২৪