
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে আরও পাঁচ প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। পৃথক পাঁচটি নির্বাচনী আবেদন প্রাথমিক শুনানির জন্য গ্রহণ করেছেন বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ। সোমবার এ আদেশ দেওয়া হয়।
আবেদনকারীদের মধ্যে চারজন বিএনপির এবং একজন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী। যেসব আসনের ফল চ্যালেঞ্জ করা হয়েছে সেগুলো হলো কুমিল্লা–১১, ময়মনসিংহ–২, চট্টগ্রাম–১৪, চাঁদপুর–৪ ও সিরাজগঞ্জ–৪।
কুমিল্লা–১১ আসনে বিএনপির প্রার্থী মো. কামরুল হুদা, ময়মনসিংহ–২ আসনে মোতাহার হোসেন তালুকদার, চাঁদপুর–৪ আসনে মো. হারুনুর রশিদ ও সিরাজগঞ্জ–৪ আসনে এম আকবর আলী আবেদন করেছেন। চট্টগ্রাম–১৪ আসনে ফল চ্যালেঞ্জ করেছেন এলডিপির প্রার্থী ওমর ফারুক।
প্রধান বিচারপতি গত ১৭ ফেব্রুয়ারি এসব নির্বাচনী আবেদন শুনানির জন্য একটি একক বেঞ্চ নির্ধারণ করেন। পরবর্তীতে আবেদনগুলো আদালতের কার্যতালিকায় নতুন মামলা হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং সেগুলো শুনানির জন্য গ্রহণ করা হয়।
আইনজীবীরা জানান, বিভিন্ন কেন্দ্রে ভোটে কারচুপি, অনিয়ম ও ব্যবস্থাপনায় ত্রুটির অভিযোগ তুলে আবেদনগুলো করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ব্যালট পেপার ও ফলাফল শিট সংরক্ষণের নির্দেশও দিয়েছেন আদালত। কয়েকটি আবেদনের ক্ষেত্রে প্রতিপক্ষকে নোটিশ জারি করে নির্দিষ্ট তারিখে তা ফেরত দিতে বলা হয়েছে। কিছু মামলার পরবর্তী শুনানির দিনও নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের পর কোনো প্রার্থী ফলাফল নিয়ে আপত্তি থাকলে আইন অনুযায়ী হাইকোর্টে নির্বাচনী আবেদন করতে পারেন। এর আগে একই বেঞ্চ একাধিক প্রার্থীর করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন।