
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, তিনি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সব ধরনের ‘জোচ্চুরি’ বন্ধ করতে চান। ফেসবুক লাইভে এসে সংসদ সদস্য হিসেবে তাঁর প্রথম ২১ দিনের কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “মাত্র ২১ দিনে আমি আমার কাজটি বুঝে নিতে চেষ্টা করেছি। আমার জায়গা থেকে আমি শুধু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করব, যাতে কোনো ধরনের জোচ্চুরি না হতে পারে এবং প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছায়।”
এই লক্ষ্যে দেবীদ্বারের উন্নয়ন প্রকল্প, সরকারি বরাদ্দ ও কার্যক্রমের হালনাগাদ তথ্য জানাতে তিনি ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজ চালু করেছেন।
লাইভে তিনি বিশেষভাবে আলোচিত করেছেন দেবীদ্বারে ৩১২ কেজি সরকারি খেজুর বরাদ্দ। তিনি জানান, “৩৯টি বাক্সে মোট ৩১২ কেজু খেজুর এসেছে। প্রতিটি বাক্সে ৮ কেজি করে আছে। এগুলো ১৫টি ইউনিয়নের মাদ্রাসাগুলোতে ভাগ করে দেওয়া হবে, প্রত্যেক মাদ্রাসা হয়তো তিন কেজি করে পাবে।”
তিনি আরও বলেন, “কিছুদিন পর কোরবানি সামনে রেখে উট ও দুম্বার মাংস আসবে। আমরা চাই, প্রতিটি পয়সা পর্যন্ত জনগণ বুঝে পায়। কোনো মধ্যস্বত্বভোগী বা চেয়ারম্যান-মেম্বার যেন নিজেদের মতো করে কিছু করতে না পারেন।”
হাসনাত আবদুল্লাহ দেবীদ্বারের ১৫টি ইউনিয়ন পরিষদের সচিবদের সতর্ক করে বলেন, শিগগিরই তাঁদের ‘আমলনামা’ নিয়ে বসা হবে। তিনি বলেন, “এই সচিবদের মধ্যে দুর্নীতির আখড়া আছে। আপনাদের চেষ্টা-পরিশ্রমকে সম্মান জানাই, একই সঙ্গে আপনার বিরুদ্ধে অভিযোগ না থাকুক, সেটিও আমরা চাই। এক পয়সাও যেন কারসাজি না হয়।”
দুর্নীতি ও অনিয়মে জড়িত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদেরও ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
সংসদ সদস্য হিসেবে ২১ দিনের কাজের মধ্যে হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেছেন:
আইনশৃঙ্খলা সমন্বয় কমিটিসহ প্রশাসনের প্রতিটি শাখার সঙ্গে সভা।
দেবীদ্বারের রাস্তাঘাট উন্নয়নে ৮টি প্রকল্প কার্যক্রমে আছে।
৯টি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ চলছে।
পৌরসভা ও ১৫টি ইউনিয়নের জন্য মোট ২৩,৭১৬টি ভিজিএফ কার্ড বরাদ্দ, প্রত্যেকে ১০ কেজি করে চাল পাবেন।
গ্রামীণ অবকাঠামো সংস্কারের ১০টি প্রকল্পের আওতায় ৫১,৩০০ মেট্রিক টন চাল বিতরণের উদ্যোগ।
দুটি খাল খনন প্রকল্প।
যুবক ও নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি।
হাসনাত আবদুল্লাহ নিশ্চিত করেছেন, প্রকৃত প্রান্তিক মানুষ যাতে সুবিধা পায়, তা নিশ্চিত করা হবে এবং সরকারি বরাদ্দে কোনো কেলেঙ্কারি বরদাস্ত করা হবে না।