
ঈদকে কেন্দ্র করে যাত্রী পরিবহনে পুরোনো ও ঝুঁকিপূর্ণ বাস নামানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেছেন, যাত্রীদের ভোগান্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং রাস্তায় দাঁড়িয়ে যানজট সৃষ্টি করে এমন যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে গাবতলী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, কেউ যদি লক্কড়ঝক্কড় বা ঝুঁকিপূর্ণ বাস রাস্তায় নামান, তাহলে তাদের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঈদের সময় অন্য অনেক বিষয় কিছুটা শিথিলভাবে দেখা হলেও জরাজীর্ণ বাস চলাচলের বিষয়ে কঠোর নজরদারি থাকবে।
তিনি আরও বলেন, ঈদের ছুটিকে সামনে রেখে এক কোটির বেশি মানুষ ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় যাত্রা করবেন। আবার ২০ থেকে ২৫ লাখ মানুষ অন্য জেলা থেকে ঢাকায় আসবেন। এত বড় যাত্রীচাপ সামাল দিতে সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি। এ ক্ষেত্রে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাও সহায়তা করবে।
ডিএমপির এই কর্মকর্তা জানান, গত দুই ঈদে রাজধানী থেকে মানুষ তুলনামূলক স্বস্তিতে বাড়ি যেতে পেরেছেন এবং বড় ধরনের যানজট হয়নি। এবারও যাত্রা স্বাভাবিক রাখতে সরকার আগাম ছুটি ঘোষণা করে চাপ কিছুটা কমিয়ে দিয়েছে।
সভায় শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি ও যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের মতো নানা অনিয়মের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হন। এসব সমস্যা দূর করে সুশৃঙ্খল পরিবহনব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম বলেন, আন্তজেলা চলাচলের জন্য অনুমোদিত নয় এমন যানবাহন দূরপাল্লার রুটে ব্যবহার করলে সমস্যা তৈরি হয়। কোনো গাড়ি রাস্তায় বিকল হয়ে গেলে বা সেতুর ওপর বন্ধ হয়ে গেলে বড় ধরনের যানজট ও দুর্ভোগ দেখা দেয়। তাই অতিরিক্ত পুরোনো গাড়ি রাস্তায় নামানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান বলেন, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ অতিরিক্ত ভাড়া দাবি করলে যাত্রীদের পুলিশকে জানাতে বলা হয়, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
মতবিনিময় সভায় ঢাকা পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, মহাসচিব সাইফুল আলম এবং বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুর রহিমসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।