
দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দিতে এককালীন আর্থিক অনুদান প্রদান করছে সরকার। এ সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ২০২৫–২৬ অর্থবছরের মার্চ–এপ্রিল প্রান্তের জন্য অনুদান পেতে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাস্ট।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুযায়ী দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এই চিকিৎসা সহায়তা দেওয়া হবে। ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। নির্ধারিত লিংকের মাধ্যমে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমে প্রবেশ করে আবেদন করা যাবে। পুরো আবেদন প্রক্রিয়াই অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি সরাসরি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই।
দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান দেওয়া হবে। ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন।
অনুদান পেতে শিক্ষার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে।
পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫ এর ক্ষেত্রে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে।
স্নাতক পর্যায়ে জিপিএ–৪ এর ক্ষেত্রে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।
এ ছাড়া সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তান এবং অন্যান্য ক্ষেত্রে যাঁদের অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার কম, তাঁরা এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
অনুদানের জন্য আবেদন করতে হলে দুর্ঘটনার প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দেওয়া ‘গুরুতর আহত’–সংক্রান্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
এ অনুদান কেবল দুর্ঘটনাজনিত আঘাতের ক্ষেত্রে প্রযোজ্য এবং দুর্ঘটনাটি অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যে ঘটতে হবে।
আবেদন করার সময় শিক্ষার্থীদের কয়েকটি গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে। এগুলো হলো—
শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ
মা–বাবার জাতীয় পরিচয়পত্র
শিক্ষার্থীর ছবি ও স্বাক্ষর
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র
অনুদানের অর্থ সরাসরি শিক্ষার্থী বা তার অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এজন্য আবেদনপত্রে অনলাইন ব্যাংক হিসাবের পূর্ণ নম্বর, মোবাইল নম্বর এবং প্রমাণ হিসেবে চেক বইয়ের পাতা বা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে।
ট্রাস্ট সতর্ক করে জানিয়েছে, ভুল বা অসম্পূর্ণ ব্যাংক হিসাবের তথ্য দিলে অর্থ পাঠাতে ব্যর্থ হলে তা পুনরায় পাঠানো হবে না।
অনলাইনে আবেদন করার সময় যদি কোনো শিক্ষার্থী তার শিক্ষাপ্রতিষ্ঠানের নাম খুঁজে না পান, তাহলে প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে ইআইআইএন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ই–মেইল বা ডাকযোগে আবেদন করার অনুরোধ জানাতে বলা হয়েছে।
সরকারের এই উদ্যোগকে দুর্ঘটনায় আহত অসচ্ছল শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো আবেদন করলে অনেক শিক্ষার্থী এই সহায়তার মাধ্যমে চিকিৎসা ব্যয় সামাল দিতে পারবেন।