
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক Nahid Islam বলেছেন, সরকারি দল যদি রাজনৈতিক সমঝোতা ভঙ্গের চেষ্টা করে, জনগণ ও বিরোধীদল তার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে। রোববার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, ক্ষমতাসীন দল বিএনপির দিক থেকে বারবার সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার, ঐকমত্য কমিশন, এই নির্বাচন, এই সরকার—সবকিছুকে সংবিধান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। সংবিধান অনুযায়ী তো অনেক কিছুই হয়নি।”
তিনি আরও বলেন, আগে যা সংবিধান অনুযায়ী হয়নি, তা বর্তমান সংসদে রেটিফাই (অনুমোদিত) হওয়ার কথা ছিল। নাহিদ বলেন, “সবার রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে সবকিছু এগোনোর কথা ছিল। সেই সমঝোতা যদি সরকারি দল বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে জনগণ তার বিরুদ্ধে দাঁড়াবে। আমরাও তার বিরুদ্ধে দাঁড়াব।”
নাহিদ ইসলাম উল্লেখ করেন, গণভোটের গণরায়ের পরও সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। তিনি বলেন, “মনে হচ্ছে সংসদে এ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে। ঈদের পরে আমরা সরকারি দলের চূড়ান্ত বক্তব্য শুনব, তারপর আমাদের অবস্থান ঘোষণা করব।”
তিনি স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed-এর মন্তব্যের বিষয়ে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। গণভোট হয়েছে, তাই এই আদেশকে মানতেই হবে। প্রধান নির্বাচন কমিশনারও এই শপথ পড়েছেন। শপথকে যদি অসাংবিধানিক বলা হয়, তবে নির্বাচন কমিশনকেও সংবিধানের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে।”
নাহিদ বলেন, জুলাই সনদ ও তার বাস্তবায়ন আদেশের বিষয়ে একটি রাজনৈতিক সমঝোতা ছিল। তিনি বলেন, “নির্বাচনে বিজয়ী হওয়ার পর তারা সেই মীমাংসিত বিষয়টিকে একধরনের গায়ের জোরে অবজ্ঞা করার চেষ্টা করছে। জনগণ এগুলো দেখছে। নব্বইয়ের গণ–অভ্যুত্থানের পর ত্রিদলীয় জোটের রূপরেখায় সবাই সম্মত হয়েছিল। কিন্তু এই সরকার সেটাকে অবজ্ঞা করেছে। অতীত থেকে শিক্ষা নেবে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি করবে—সেটা তাদের সিদ্ধান্ত।”
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “সংবিধানে অনেক কিছু আছে, যেটা এই সরকার করছে না। যেমন, শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর আইন। সংবিধান অনুযায়ী সবকিছু ব্যাখ্যা করা সম্ভব নয়। তবে গণ–অভ্যুত্থানই সংস্কারের বৈধতা, এবং এটি অন্তর্বর্তী সরকার ও এই নির্বাচনেরও বৈধতা নিশ্চিত করে।”
নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন, সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই এনসিপি তাদের অবস্থান, কর্মসূচি ও বক্তব্য অব্যাহত রাখবে। তিনি পুনরায় দেশের জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকারি দলের অনাগ্রহ বা সমঝোতা ভঙ্গের প্রতিক্রিয়ায় জনগণ এবং বিরোধীদল উভয়ই যথাযথ পদক্ষেপ নেবে।