
গাইবান্ধা সদর উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলো—অনুরুদ্ধ চন্দ্র (৭) ও অপূর্ব চন্দ্র (৪)। তারা একই গ্রামের বাসিন্দা; অনুরুদ্ধ নরেশ চন্দ্রের এবং অপূর্ব রবিন চন্দ্রের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে মন্দিরের পাশে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল তারা। এক পর্যায়ে অনুরুদ্ধ ও অপূর্ব খালের দিক থেকে বোতলে পানি আনতে যায়। পরে অন্য শিশুরা নিজ নিজ বাড়িতে ফিরে গেলেও তারা আর ফেরেনি।
অনেকক্ষণ পর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে সহপাঠীদের কাছ থেকে জানা যায়, তারা খালের দিকে গিয়েছিল। তাৎক্ষণিকভাবে স্বজনরা খালে নেমে তাদের খুঁজে বের করে, কিন্তু তখন তারা আর বেঁচে ছিল না।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।