প্রিন্ট এর তারিখঃ Sep 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 21, 2026 ইং
কারিগরি বোর্ডের তিন মাস মেয়াদি কোর্স: পরীক্ষা শুরু আগামী ৩ এপ্রিল

জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট (৩৬০ ঘণ্টা) কোর্সের জানুয়ারি–মার্চ ২০২৬ সেশনের চূড়ান্ত পরীক্ষা আগামী ৩ এপ্রিল শুরু হচ্ছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড–এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন সকাল ১০টা থেকে সারা দেশের নির্ধারিত ১৭টি কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, ১৫ মার্চ ২০২৬ তারিখে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষার পাশাপাশি একই দিন এবং পরদিন ৪ এপ্রিল সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। ২০২৫ সালের নতুন প্রবিধান অনুসরণ করে এ বছরের পরীক্ষা গ্রহণ করা হবে।
প্রশ্নপত্র ও নম্বর বণ্টন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় মোট ৫২টি প্রশ্ন থাকবে। এর মধ্যে ইংরেজি বিষয়ের ওপর ১০টি প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা। ব্যবহারিক পরীক্ষার সময়সীমা তিন ঘণ্টা। লিখিত ও ব্যবহারিক—উভয় অংশে উত্তীর্ণ হতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অর্জন বাধ্যতামূলক।
প্রবেশপত্র ও নম্বর প্রেরণ
পরীক্ষার্থীদের জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। বোর্ডের রেজিস্ট্রেশন কার্ডই প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ১৫ থেকে ৩০ মার্চের মধ্যে শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক ধারাবাহিক (টিসি ও পিসি) নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তরপত্র প্রেরণের বিশেষ নির্দেশনা
পরীক্ষা শেষে ৩ এপ্রিল বেলা ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টার মধ্যে সিলগালা করা উত্তরপত্র ডাকযোগে বোর্ডে পাঠাতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার পোস্ট অফিসগুলো শুক্রবারও খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য, কেন্দ্রের তালিকা ও প্রয়োজনীয় নির্দেশনা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বোর্ড।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস