
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর পুরাতন বিমানবন্দর এলাকায় অবস্থিত জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হচ্ছে বর্ণিল কুচকাওয়াজ।
অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১০টার কিছু পরে রাষ্ট্রপতি প্যারেড ময়দানে পৌঁছালে প্রধানমন্ত্রী তাকে অভ্যর্থনা জানান। এরপর রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং শুরু হয় মার্চ পাস্ট।
এ আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট। আকাশে বিমানবাহিনীর কসরত দেখতে এবং কুচকাওয়াজ উপভোগ করতে জাতীয় প্যারেড স্কয়ারে ভিড় করেছেন অসংখ্য মানুষ।
দর্শনার্থীদের জন্য বসার উপযোগী ব্যবস্থা হিসেবে প্লাস্টিকের চেয়ার রাখা হয়েছে। অনেকেই জাতীয় পতাকা হাতে কিংবা মাথায় বেঁধে দেশপ্রেমের আবহে অংশ নিয়েছেন এই আয়োজনে।
সাধারণ মানুষের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত রাখা হয়েছে। প্রবেশের জন্য নির্দিষ্ট করা হয়েছে ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর গেট। নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের ব্যাগ সঙ্গে না আনার জন্য অনুরোধ জানানো হয়েছে।