প্রিন্ট এর তারিখঃ Aug 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 26, 2026 ইং
ডিবির হাতে আটক ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ

প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার গভীর রাতে রাজধানীর একটি স্থান থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গোয়েন্দা সূত্রগুলো জানায়, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে কিছুদিন ধরে অনুসন্ধান চলছিল। এর মধ্যে গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার, এক-এগারোর সময়কার বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনিয়মের অভিযোগ উল্লেখযোগ্য। এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে আটক করা হয়েছে বলে জানা যায়।
এর আগে গত বছরের মে মাসে আদালতের নির্দেশে শেখ মামুন খালেদ ও তাঁর স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়। সে সময় তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ-সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছিল সংস্থাটি।
ডিবি কর্মকর্তারা জানান, আটকের পর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে একই প্রেক্ষাপটে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়েছে। একটি মানব পাচার মামলায় বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন।
শেখ মামুন খালেদ ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি সংস্থাটির মহাপরিচালকের দায়িত্ব পান এবং ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ওই পদে কর্মরত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস