
মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত এক মাসে মোট ৮৫২টি ফ্লাইট বাতিল হয়েছে।
রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখে। এর প্রভাবে এসব রুটে পরিচালিত বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট ধারাবাহিকভাবে বাতিল হতে থাকে।
প্রথম দিনে (২৮ ফেব্রুয়ারি) ২৩টি ফ্লাইট বাতিলের মাধ্যমে পরিস্থিতির সূচনা হয়। পরবর্তী দিনগুলোতে বাতিলের সংখ্যা ওঠানামা করলেও তা অব্যাহত থাকে। মার্চ মাসের শুরুতে প্রতিদিন ৩০ থেকে ৪০টির মতো ফ্লাইট বাতিল হয়েছে, পরে কিছুটা কমলেও পুরো মাসজুড়েই এই প্রবণতা বজায় ছিল।
তথ্য অনুযায়ী, মাসের মাঝামাঝিতে প্রতিদিন গড়ে ২৫-৩০টি ফ্লাইট বাতিল হয়েছে। মাসের শেষদিকে এসে কিছুটা কমে প্রতিদিন প্রায় ২০টির মতো ফ্লাইট বাতিল হতে দেখা যায়।
এ ধারাবাহিকতায় ৩০ মার্চ রাতের পর আরও ১৮টি ফ্লাইট বাতিল হওয়ার কথা রয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এবং জাজিরা এয়ারওয়েজের কয়েকটি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, আকাশসীমা পুনরায় চালু না হওয়া পর্যন্ত এই ধরনের বিঘ্ন অব্যাহত থাকতে পারে।