
সরকারি দপ্তরে শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নতুন করে নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে অফিসে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শক্তি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
রোববার প্রকাশিত এক নির্দেশনায় মোট ১১টি দিকনির্দেশনা তুলে ধরা হয়। এতে বলা হয়, আগেও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হলেও অনেক ক্ষেত্রে তা যথাযথভাবে মানা হচ্ছে না। তাই নতুন করে বিষয়গুলো কঠোরভাবে অনুসরণের তাগিদ দেওয়া হয়েছে।
নির্দেশনার মূল বিষয়গুলো—
১. প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ কক্ষে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
২. দিনের আলো পর্যাপ্ত থাকলে কৃত্রিম আলো ব্যবহার কমাতে হবে এবং জানালা–দরজা খুলে প্রাকৃতিক আলো কাজে লাগাতে হবে।
৩. প্রয়োজন ছাড়া অতিরিক্ত লাইট, ফ্যান বা অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র চালু রাখা যাবে না।
৪. শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।
৫. কক্ষ ত্যাগের সময় সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
৬. করিডর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো জ্বালানো যাবে না।
৭. অফিস শেষে লাইট, ফ্যান, কম্পিউটারসহ সব যন্ত্র বন্ধ নিশ্চিত করতে হবে।
৮. বিশেষ অনুমতি ছাড়া কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না।
৯. জ্বালানির ব্যবহার সীমিত রেখে সাশ্রয়ী হতে হবে।
১০. অফিসের সব স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
১১. এসব নির্দেশনা বাস্তবায়নে প্রতিটি দপ্তরে তদারকি দল গঠন করতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত এবং শৃঙ্খলাবোধ জোরদার করতেই এই নির্দেশনাগুলো কার্যকর করা হচ্ছে।