প্রিন্ট এর তারিখঃ Oct 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 2, 2026 ইং
বিবিসি রিপোর্ট: ৫৩ বছর পর চাঁদে নভোচারী পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর চাঁদে নভোচারী পাঠিয়েছে। বুধবার স্থানীয় সময় ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে নাসার ‘আর্টেমিস-২’ মিশনের চারজন নভোচারী ‘ওরিয়ন’ ক্যাপসুলে চড়ে যাত্রা শুরু করেন। সর্বশেষ চাঁদে মানুষ পৌঁছেছিল ১৯৭২ সালে নাসার অ্যাপোলো-১৭ মিশনের মাধ্যমে। এই যাত্রাকে চাঁদ এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষের যাতায়াতের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
‘আর্টেমিস-২’ মিশনের নভোচারীরা হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। ১০ দিনের এই যাত্রায় তাঁরা চাঁদের চারপাশে ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। মিশনের মূল লক্ষ্য চাঁদে নিয়মিত যাতায়াতের ভিত্তি স্থাপন করা এবং ২০২৮ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে পুনরায় নভোচারী অবতরণ নিশ্চিত করা।
উৎক্ষেপণের পর নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, নভোচারীরা “নিরাপদ, সুরক্ষিত ও অত্যন্ত উৎফুল্ল” আছেন। কেপ ক্যানাভেরালে উৎক্ষেপণ দেখতে হাজারো মানুষ উপস্থিত ছিলেন। নাসা জানিয়েছে, ক্যাপসুলটি প্রায় ১৫ ফুট চওড়া ও ৯ ফুট উঁচু এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে কক্ষপথে পৌঁছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করবে। সবকিছু ঠিক থাকলে চাঁদে পৌঁছানোর সবুজ সংকেত পাওয়া যাবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেছেন, “৫০ বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্র আবারও চাঁদে যাচ্ছে। আর্টেমিস-২ আমাদের সাহসী নভোচারীদের মহাকাশের এমন গভীরে নিয়ে যাচ্ছে, যেখানে আগে কোনো মানুষ পৌঁছাতে পারেনি।”
এই মিশনকে ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতের মহাকাশ অভিযানের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস