প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 5, 2026 ইং
প্রাথমিক বিদ্যালয় আজ খোলা, শেখার ঘাটতি কাটাতে বাড়তি ৯ শনিবার ক্লাস

পবিত্র রমজান মাসজুড়ে দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আজ শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, আজকের পর টানা আরও ৯টি শনিবার শ্রেণি কার্যক্রম চালু থাকবে।
গত ২৪ মার্চ ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠায়। নির্দেশনায় বলা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি ঘোষণার ফলে শিক্ষার্থীদের পাঠদানে যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণের লক্ষ্যে রমজানের ছুটি শেষে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী শনিবারগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও একাডেমিক প্রস্তুতি নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।
সাপ্তাহিক ছুটি বাতিল করে নিয়মিত পাঠদান অব্যাহত রাখার সিদ্ধান্তকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বার্ষিক শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে দেখছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, নির্ধারিত বার্ষিক কর্মপরিকল্পনা সময়মতো শেষ করার জন্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করেই তাঁদের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শেখার ধারাবাহিকতা বজায় রাখা এবং নির্ধারিত পাঠসূচি সম্পন্ন করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৯ ফেব্রুয়ারি থেকে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। ছুটি চলে ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ সরকারি ছুটির দিন (বৃহস্পতিবার) হওয়ায় শিক্ষক-কর্মচারীরা কার্যত ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করেন। এর মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটির কারণে বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাসে বিঘ্ন ঘটে। ফলে পাঠসূচি সম্পন্ন করতে অতিরিক্ত ক্লাস নেওয়া প্রয়োজন হয়ে পড়ে। শনিবারে শ্রেণি কার্যক্রম চালু রাখার মাধ্যমে সেই ঘাটতি পূরণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা।
তবে শিক্ষকদের একটি অংশ মনে করছেন, ধারাবাহিকভাবে সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেওয়ার ফলে কর্মপরিবেশ ও ব্যক্তিগত সময় ব্যবস্থাপনায় চাপ তৈরি হতে পারে। এ ক্ষেত্রে বিদ্যালয়ভিত্তিক সমন্বয় ও সময়সূচির ভারসাম্য বজায় রাখা জরুরি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত শনিবারগুলোতে নিয়মিত পাঠদান কার্যক্রম চলবে এবং উপস্থিতি নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সক্রিয় ভূমিকা নিতে হবে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে প্রয়োজন হলে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস