প্রিন্ট এর তারিখঃ Jul 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 7, 2026 ইং
৮ এপ্রিল তফসিল, ১২ মে ভোট—সংরক্ষিত নারী আসনে নির্বাচনের রোডম্যাপ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য ৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে ১১তম কমিশন সভার পর আখতার আহমেদ সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের প্রাপ্ত আসনসংখ্যা অনুসারে মনোনয়ন দেয়া প্রার্থীই মূলত নির্বাচিত হবেন।
তফসিল অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি আসন এবং একজন স্বতন্ত্র প্রার্থী একটি আসন পাবে। ইতিমধ্যে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীর তালিকা কমিশনে জমা দিয়েছে।
ইসি সচিব আরও জানান, আইন অনুযায়ী সাধারণ আসনে নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। ১৩ ফেব্রুয়ারি সরকারি গেজেটে ফলাফলের প্রকাশের পর এই সময়সীমা আগামী ১৪ মে পর্যন্ত। কমিশন দ্রুত ভোট প্রক্রিয়া শেষ করতে চাইছে।
এর আগে ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনের ভোটও নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। শেরপুর-৩ আসনে পোস্টাল ভোটের কেন্দ্রসহ ১২৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। বগুড়া-৬ আসনে পোস্টাল ভোটের কেন্দ্রসহ মোট ১৫১টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। উভয় আসনে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক এবং নিরাপত্তার ব্যবস্থা যথাযথ রাখা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে না বলে জানান আখতার আহমেদ। তিনটি আলাদা প্রতিষ্ঠান এই বিষয়ে পর্যালোচনা করেছে, যার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে বর্তমানে ৫০টি মামলা রয়েছে। এসব মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী সামগ্রী সংরক্ষণ করা হবে। প্রয়োজনে এক বছর পর্যন্ত এসব সামগ্রী সংরক্ষণ করা হবে। এছাড়া, যে দুটি আসনের ফলাফল আদালতের আদেশে স্থগিত আছে, সেগুলোর বিষয়ে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস