প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 8, 2026 ইং
‘ট্রিগারে আঙুল এখনও’: যুদ্ধবিরতি নিয়ে তেহরানের হুঁশিয়ারি

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-এর সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ও আলোচনার শর্তাবলি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। বিবৃতিতে তেহরান স্পষ্ট করেছে, তারা আলোচনায় বসছে ওয়াশিংটনের প্রতি ‘চরম অবিশ্বাস’ নিয়ে।
আলোচনার সময় ও শর্ত
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস থাকা সত্ত্বেও ইসলামাবাদে আলোচনা শুরু হবে। এই আলোচনার জন্য দুই সপ্তাহ সময় বরাদ্দ করা হয়েছে, যা উভয় পক্ষের সম্মতিতে প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি করা যেতে পারে।
বিবৃতিতে জনগণের উদ্দেশ্যে বলা হয়, এই সময়ে জাতীয় ঐক্য বজায় রাখা এবং ‘বিজয় উদ্যাপন’ অব্যাহত রাখা জরুরি। পরিষদ উল্লেখ করেছে, আলোচনা মূলত যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকতা এবং এটি সরাসরি ‘বিপ্লবী নেতৃত্ব’ ও ‘ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ের’ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
শক্তিশালী হুঁশিয়ারি
ইরানি নেতৃত্ব স্পষ্ট করেছেন, ‘যদি যুদ্ধক্ষেত্রে শত্রুর আত্মসমর্পণ আলোচনার মাধ্যমে চূড়ান্ত রাজনৈতিক অর্জনে রূপ নেয়, তবে আমরা ঐতিহাসিক বিজয় উদ্যাপন করব। অন্যথায়, ইরানি জাতির সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পুনরায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাব।’
শত্রুপক্ষের জন্য হুঁশিয়ারি দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের হাতের আঙুল এখনো ট্রিগারে রয়েছে। শত্রুর সামান্যতম ভুল বা বিচ্যুতির প্রতিক্রিয়া পূর্ণ শক্তিতে দেওয়া হবে।’
বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই দৃঢ় অবস্থান যুদ্ধবিরতির প্রক্রিয়াকে অন্তর্নিহিতভাবে ‘অস্থির ও সতর্ক’ করে তুলেছে, যা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন ধরনের উত্তেজনার ইঙ্গিত বহন করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস