
জুলাই আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।
মাঞ্জিল হায়দার চৌধুরী আগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেন সংশ্লিষ্ট আইন কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষে শুনানিতে সরকারি কৌঁসুলি আজিজুল হক রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আংশিক রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত সংশ্লিষ্ট নথিতে বলা হয়, আন্দোলন দমনের সময় রাজনৈতিক নির্দেশনার প্রেক্ষিতে সহিংসতা চালানো হয় এবং এতে মাঞ্জিল হায়দার চৌধুরীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তিনি প্রভাব খাটিয়ে ওই দমন অভিযানে ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নিউমার্কেট এলাকায় একটি মিছিলের সময় গুলি ও হামলার ঘটনায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে একাধিক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।