
বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অপরাধে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, আইন ভঙ্গ করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার সকালে রাজধানীর রাজারবাগে আয়োজিত ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ নতুনভাবে ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে। দেশের প্রতিটি জেলার সদর থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু পড়াশোনায় ভালো করলেই হবে না, জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। আইন সম্পর্কে সচেতন হওয়া এবং তা মেনে চলার মানসিকতা তৈরি করা জরুরি। ইতিবাচক চিন্তা ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়েই একটি সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে ‘কেমন পুলিশ চাই’—এই বিষয়ে শিক্ষার্থীরা নিজেদের মতামত তুলে ধরে। তারা একটি বন্ধুসুলভ ও জনবান্ধব পুলিশ বাহিনী দেখতে চায় বলে জানায়।
কমিউনিটি ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের সহায়তায় পরিচালিত এই কর্মসূচিতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া চার শতাধিক শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী সরাসরি বৃত্তি, ক্রেস্ট ও সনদ গ্রহণ করে, আর অন্যদের নিজ নিজ জেলায় বৃত্তি পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি এম আকবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাআদতসহ আরও অনেকে। শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।