
হরমুজ প্রণালি ব্যবহার করে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজগুলো যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে বিষয়ে ইরানের সহযোগিতা চেয়েছে ঢাকা। এ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির এক সৌজন্য সাক্ষাতে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশমুখী জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক এবং মধ্যপ্রাচ্য, বিশেষ করে পারস্য উপসাগরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। এ সময় প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে তাঁর দায়িত্ব পালনে বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে, ১ এপ্রিল ঢাকায় এক সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত জানান, হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার অপেক্ষায় থাকা ছয়টি বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজকে নিরাপদ চলাচলের অনুমতি দিয়েছে তাদের সরকার।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে লক্ষ্যে ইরান প্রয়োজনীয় সহায়তা দিতে আগ্রহী এবং জ্বালানি পরিবহন নির্বিঘ্ন রাখতে পদক্ষেপ নেওয়া হবে।
আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক উত্তেজনার কারণে গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যায়। যেখানে আগে প্রতিদিন শতাধিক জাহাজ চলাচল করত, সেখানে সাম্প্রতিক সময়ে তা অনেকটাই সীমিত হয়ে পড়ে। যুদ্ধবিরতির পরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে ধারণা করা হচ্ছে।