
চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাউজান এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের মিয়ারঘাটা ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মুহাম্মদ নজরুল ইসলাম (৪০)। তিনি উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। এ দুর্ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাই রাস্তার মাথার দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন।
দুর্ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে থাকা সৌদিয়া পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে কর্ণফুলী পরিবহনের আরেকটি বাসেও অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১২টা পর্যন্ত বাস দুটি জ্বলতে দেখা গেছে।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় অটোরিকশাচালক ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জনতা দুটি বাসে আগুন দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।