প্রিন্ট এর তারিখঃ Aug 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 14, 2026 ইং
যশোরে শিক্ষামন্ত্রী: শিক্ষা ব্যবস্থায় আসছে নতুন রেজিস্ট্রেশন নীতি

শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি পরিবর্তনের সময় নতুন করে ভর্তি বা একাধিকবার রেজিস্ট্রেশনের প্রথা বন্ধ করার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (মিলন)। তিনি বলেছেন, শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের একবারই রেজিস্ট্রেশন করতে হবে এবং একই প্রক্রিয়া বারবার করা যাবে না।
আজ সোমবার দুপুরে যশোর পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে যশোর শিক্ষা বোর্ড।
শিক্ষামন্ত্রী বলেন, “এক মুরগি তিনবার জবাই করা যাবে না। শিক্ষা ক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে।” তিনি শিক্ষাসংশ্লিষ্টদের উদ্দেশে শ্রেণি পরিবর্তনের সময় নতুন করে ভর্তি প্রক্রিয়ার প্রয়োজনীয়তা পুনর্বিবেচনার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মূল্যায়ন ও পরীক্ষা ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করতে হলে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, “আজকের ছাত্রছাত্রীরা নকল করলে সেটি শিক্ষকদের দুর্বলতা। নকলের ধরন এখন পরিবর্তিত হয়ে ডিজিটাল হয়েছে। এটি আমাদের মানসিকতার সমস্যা।”
শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, “আমি শিক্ষকদের জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাতে চাই না, বরং তাঁদের সঙ্গে নিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়তে চাই।”
এ সময় তিনি দেশের সংসদ সদস্যসহ সকল নীতিনির্ধারকদের শিক্ষা বিষয়ে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তাঁর মতে, শিক্ষা নিয়ে নিয়মিত সংসদে আলোচনা ও নোটিশ প্রদান করা উচিত।
সাবেক সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে নকল প্রবণতা অনেক ক্ষেত্রে প্রশ্রয় পেয়েছিল। তবে ২০০১ সালের পর কঠোর পদক্ষেপে নকল নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, করোনা-পরবর্তী সময়ে নকলের ধরন বদলে ডিজিটাল জালিয়াতির রূপ নিয়েছে, যা প্রতিরোধে শিক্ষক ও প্রশাসনকে আরও সতর্ক হতে হবে।
তিনি আরও বলেন, “আমি সারা দেশে মতবিনিময় করছি। অনেকেই এতে উৎসাহিত হচ্ছেন, আবার কেউ কেউ ব্যথিত হচ্ছেন। তবে পরিবর্তন আসছে।”
সভায় সভাপতিত্ব করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোসাম্মাৎ আসমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের মোক্তার আলী, ঝিনাইদহ-৩ আসনের মতিউর রহমান, নড়াইল-২ আসনের আতাউর রহমান, বাগেরহাট-৪ আসনের আবদুল আলিম ও সাতক্ষীরা-৪ আসনের জিএম নজরুল ইসলাম।
এছাড়া বক্তব্য দেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রুহুল আমিন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিয়া মো. নুরুল হক। সভায় খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্র সচিব, শিক্ষক প্রতিনিধি ও শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস