
চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কুয়ালালামপুরে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী পরিদর্শন করেছেন। তিনি ‘ডিফেন্স সার্ভিসেস এশিয়া’ (ডিএসএ) এবং ‘ন্যাশনাল সিকিউরিটি এশিয়া-২০২৬’ (ন্যাটসেক এশিয়া) আয়োজন ঘুরে দেখেন।
সোমবার প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধিত্ব করে তিনি এই প্রদর্শনীতে অংশ নেন বলে জানা গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রদর্শনীতে আধুনিক সামরিক প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা এবং সর্বাধুনিক নিরাপত্তা সরঞ্জাম তুলে ধরা হয়েছে। আয়োজকদের মতে, এটি এশিয়ার অন্যতম বড় প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক আয়োজন, যেখানে বিভিন্ন দেশের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
সফরের অংশ হিসেবে সেনাপ্রধান আগামী মঙ্গলবার পুত্রজায়ায় অনুষ্ঠিতব্য অষ্টম ‘পুত্রজায়া ফোরাম’-এ অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে আঞ্চলিক নিরাপত্তা, উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং আসিয়ান অঞ্চলে সমন্বিত কৌশল নিয়ে আলোচনা হবে।
এছাড়া সফরকালে মালয়েশিয়ার সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সফর দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, সেনাপ্রধান গত রোববার চার দিনের সফরে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন।