
রাজধানীর মিরপুরে জুলাই আন্দোলন চলাকালে দেলোয়ার হোসেন হত্যার অভিযোগে করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মো. আফজাল নাছেরকে সপ্তমবারের মতো রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ দফায় তাঁকে তিন দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার পূর্ববর্তী ছয় দফায় মোট ২১ দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম নতুন করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে পুনরায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আগের জিজ্ঞাসাবাদে কিছু আংশিক তথ্য পাওয়া গেছে। তবে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র উন্মোচন এবং অন্য জড়িত ব্যক্তিদের ভূমিকা জানতে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এর আগে গত ৩০ মার্চ ভোরে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় আন্দোলনের সময় দেলোয়ার হোসেন অবস্থান করছিলেন। অভিযোগ রয়েছে, তখন সশস্ত্র হামলায় তিনি গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার মিরপুর মডেল থানায় মামলা দায়ের করে।