প্রিন্ট এর তারিখঃ Apr 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 27, 2026 ইং
‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের মাধ্যমে সৃজনশীলতার নতুন দুয়ার আইএসইউতে

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শিল্প–সংযোগ জোরদারের নতুন প্ল্যাটফর্ম
শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাধারা ও পেশাগত উপস্থাপন দক্ষতা বিকাশের লক্ষ্যকে সামনে রেখে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-তে প্রকাশিত হয়েছে টেক্সটাইলভিত্তিক ম্যাগাজিন ‘স্প্যানডেক্স’-এর প্রথম সংখ্যা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে আয়োজিত এক অনুষ্ঠানে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাগাজিনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল আউয়াল খান। তিনি বলেন, ‘স্প্যানডেক্স’ কেবল একটি প্রকাশনা নয়, বরং এটি শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম—যার মাধ্যমে তারা টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে নিজেদের সংযুক্ত করতে পারবে এবং বাস্তবধর্মী অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের সীমাবদ্ধতা পেরিয়ে বিশ্লেষণধর্মী চিন্তা, গবেষণা ও সৃজনশীল লেখালেখিতে যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. আবুল কাশেম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের পেশাগত প্রস্তুতিকে আরও শক্তিশালী করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শামীমা সিদ্দিকা, জ্যেষ্ঠ প্রভাষক হাবিবা আলতাফ, প্রভাষক মো. হাসিবুল হাসানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, আইএসইউ টেক্সটাইল ক্লাবের উদ্যোগে প্রকাশিত ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনটি মূলত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীল ও গবেষণাধর্মী কাজের একটি সম্মিলিত প্রকাশ। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ম্যাগাজিন ভবিষ্যতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, শিল্প–একাডেমিয়া সংযোগ এবং পেশাগত নেটওয়ার্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস