
জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ জোরদার করতে দেশে ব্যক্তিগত গাড়িকেও ‘ফুয়েল পাস’ সেবার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে বিস্তারিত জানায়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগে মোটরসাইকেলের জন্য চালু থাকা এই ব্যবস্থার পরিধি বাড়িয়ে এখন প্রাইভেট কারও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ব্যক্তিগত গাড়ির মালিকরাও নির্ধারিত প্রক্রিয়ায় নিবন্ধনের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন।
প্রথম ধাপে ‘ক’, ‘খ’ ও ‘গ’ সিরিজের গাড়িগুলোকে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সিরিজের গাড়িও এই ব্যবস্থার আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া খুব শিগগিরই রাজধানীর সব ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ব্যক্তিগত গাড়িতে জ্বালানি সরবরাহ কার্যক্রম শুরু হবে। এর ফলে জ্বালানি বিতরণে অনিয়ম কমবে এবং ব্যবস্থাপনায় শৃঙ্খলা বাড়বে বলে আশা করা হচ্ছে।