প্রিন্ট এর তারিখঃ Apr 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2026 ইং
অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশনের সময় বাড়াল কারিগরি শিক্ষা বোর্ড

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এক বছর মেয়াদি ‘অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স’ (জানুয়ারি–ডিসেম্বর, ২০২৬ সেশন)–এর শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, কারিকুলাম কোড–৮০–এর আওতায় ভর্তিকৃত শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি, ফি পরিশোধ ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২৯ এপ্রিল শুরু হয়ে আগামী ১৪ মে পর্যন্ত চলবে।
বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্নের পর চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে এবং শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ মে পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করতে পারবেন।
রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে শিক্ষার্থীপ্রতি ২০০ টাকা। এর সঙ্গে রোভার স্কাউট ফি ১৫ টাকা যোগ হয়ে মোট ফি দাঁড়াচ্ছে ২১৫ টাকা। স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তির জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
বোর্ড আরও জানায়, প্রতিটি ট্রেডে সর্বোচ্চ আসনসংখ্যা নির্ধারণ করা হয়েছে ৫০টি, যার মধ্যে ৪০টি মূল আসন এবং ১০টি ড্রপআউট কোটার জন্য সংরক্ষিত। তবে কোনো ট্রেডে শিক্ষার্থীর সংখ্যা পাঁচজনের কম হলে সংশ্লিষ্ট ট্রেডের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
এছাড়া, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২০২৫–২৬ অর্থবছর পর্যন্ত সকল বকেয়া অ্যাফিলিয়েশন ফি পরিশোধ নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের ই-সেবা প্ল্যাটফর্মে লগইন করে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ আশা করছে, সময়সীমা বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলো রেজিস্ট্রেশন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবে এবং কোর্স পরিচালনায় কোনো ধরনের জটিলতা তৈরি হবে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস