প্রিন্ট এর তারিখঃ May 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2026 ইং
১২ মে থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ডি ইউনিটের ভর্তি কার্যক্রম

ইসলামী বিশ্ববিদ্যালয়–এর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি কার্যক্রম আগামী ১২ মে থেকে শুরু হচ্ছে। এ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি ও প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট সূত্রে জানা গেছে, গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার পাশাপাশি নিজস্ব পদ্ধতিতে ধর্মতত্ত্ব অনুষদের অধীন ডি ইউনিটের ভর্তি পরীক্ষা গত ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়। ওই ইউনিটে মোট ৩৩০টি আসনের বিপরীতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিভাগভিত্তিক আসন বণ্টনে আল–কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল–হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ—প্রতিটি বিভাগে রয়েছে ৮০টি করে আসন। এছাড়া আরবি ভাষা ও সাহিত্য বিভাগে রয়েছে ৯০টি আসন।
গত ১২ এপ্রিল প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রথম মেধাতালিকায় নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ১০ থেকে ১২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট সমন্বয়কারী কার্যালয়ে এ সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকারে উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে; অন্যথায় তাঁদের মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
ভর্তি প্রক্রিয়ার ধারাবাহিকতায় প্রথম মেধাতালিকার ভর্তি শেষে বিভাগ পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীরা ১৪ থেকে ১৫ মে পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। পরবর্তীতে আসন শূন্য থাকা সাপেক্ষে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে এবং ওই তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার ২২ থেকে ২৩ মে পর্যন্ত নেওয়া হবে। দ্বিতীয় তালিকায় উত্তীর্ণদের ক্ষেত্রেও নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করা বাধ্যতামূলক থাকবে।
সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য প্রার্থীদের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে আনতে হবে। এর মধ্যে রয়েছে—পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ ও নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও মার্কশিট, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র এবং সদ্য তোলা আট কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তিসংক্রান্ত যেকোনো পরিবর্তন, সংশোধন বা পরবর্তী নির্দেশনা ইসলামী বিশ্ববিদ্যালয়–এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই প্রার্থীদের নিয়মিত ওয়েবসাইট পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস