
চট্টগ্রাম নগরে একটি গোপন বৈঠক চলাকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা-কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাত সাড়ে নয়টার দিকে হালিশহর নয়াবাজার বিশ্ব রোড এলাকার একটি রেস্টুরেন্টের চতুর্থ তলা থেকে তাঁদের আটক করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান জানান, আটক ব্যক্তিরা ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছিলেন। এ বিষয়ে আলোচনা করতেই তাঁরা বৈঠকে মিলিত হয়েছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নামে মিছিল ও সাংগঠনিক তৎপরতা বেড়ে গেছে। গত ২৫ এপ্রিল কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড, পাঁচলাইশের ও আর নিজাম রোড এবং কর্ণফুলী মার্কেট এলাকায় আলাদা তিনটি মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে অনন্যা আবাসিক এলাকা ও আউটার রিং রোডের নির্জন স্থানে মিছিলের ঘটনাও ঘটে। এসব কার্যক্রমের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এসব ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি বাড়ায়। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।