
দীর্ঘদিন আগে আসামির কাছ থেকে উদ্ধার করা একটি অস্ত্র গায়েব হওয়ার ঘটনায় সাবেক এক পুলিশ কর্মকর্তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সাবেক উপপরিদর্শক, যিনি বর্তমানে চাকরিচ্যুত। রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের পক্ষের আইনজীবী জানান, আদালত দেলোয়ার হোসেনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাভোগ করতে হবে। রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালের ২৫ নভেম্বর ডবলমুরিং থানার এক কর্মকর্তা একটি অস্ত্র উদ্ধার করে তা গোয়েন্দা শাখার মালখানায় দায়িত্বে থাকা দেলোয়ার হোসেনের কাছে জমা দেন। কিন্তু পরে দেখা যায়, অস্ত্রটি আদালতে জমা না দিয়ে ভুয়া নথি দেখানো হয়েছে।
এ ঘটনায় ২০০৪ সালের মে মাসে মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০১৬ সালে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগ গঠনের পর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।