জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের গণতান্ত্রিক কাঠামো সুসংহত করতে জেলা প্রশাসকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করায় তাঁদের ভূমিকা আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তিনি মনে করেন, নির্বাচনব্যবস্থাকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে মাঠপর্যায়ের প্রশাসনকে আরও দায়িত্বশীল হতে হবে।
সোমবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে আয়োজিত ডিসিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, একটি কার্যকর গণতন্ত্র গড়ে তুলতে প্রশাসনকে জনগণের প্রতি দায়বদ্ধ হতে হবে। ভবিষ্যতে আমলারা যেন শাসকের মতো নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করেন—সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। অতীতের বিভিন্ন আন্দোলনে সাধারণ মানুষের আত্মত্যাগই গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করেছে।
সভায় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সংসদ হলো গণতন্ত্রের মূল কেন্দ্র। সংসদে গঠনমূলক আলোচনা গণতন্ত্রকে আরও সমৃদ্ধ করে এবং এখান থেকে প্রণীত আইন বাস্তবায়নের দায়িত্ব পালন করে নির্বাহী বিভাগ।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, জেলা প্রশাসকেরা সরকারের নীতিমালা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং জনগণের সঙ্গে প্রশাসনের যোগাযোগ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করেন।
এ ছাড়া সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার এ এন এম বজলুর রশীদ, রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বক্তব্য দেন।