
শিক্ষাজীবন শেষ হওয়ার পরও আবাসিক হলে অবস্থান করা শিক্ষার্থীদের আগামী ১৯ মে’র মধ্যে হল ত্যাগ করতে নির্দেশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জুন ২০২৬ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (৫৫তম ব্যাচ) প্রথম পর্বের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ৫৩তম ও ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তবে লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন ব্যাচের অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে হল ছাড়ছেন না, যা আবাসন ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি করছে।
প্রশাসনের মতে, এই পরিস্থিতি ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করছে।
এ অবস্থায় যেসব শিক্ষার্থী ইতিমধ্যে শিক্ষাজীবন শেষ করেও হলে অবস্থান করছেন, তাঁদের ১৯ মে’র মধ্যে আবাসিক কক্ষ ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। একই সঙ্গে নতুন শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।