প্রিন্ট এর তারিখঃ May 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 7, 2026 ইং
জাপানের টোব মাকি স্কলারশিপে মিলবে আর্থিক সহায়তা, আবেদন শেষ ৮ মে

জাপানে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হয়েছে ‘টোব মাকি স্কলারশিপ প্রোগ্রাম-২০২৬’। এ বৃত্তির আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে জাপানের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দিতেই এ স্কলারশিপ চালু করেছে টোব মাকি ফাউন্ডেশন।
স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ চলছে এবং আবেদন করার শেষ সময় আগামী ৮ মে ২০২৬।
যেসব সুবিধা মিলবে
টোব মাকি স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের মাসিক ভাতা দেওয়া হবে। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা মাসে ৬০ হাজার ইয়েন, অর্থাৎ বছরে ৭ লাখ ২০ হাজার ইয়েন পাবেন। অন্যদিকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা মাসে ৭০ হাজার ইয়েন, অর্থাৎ বছরে ৮ লাখ ৪০ হাজার ইয়েন ভাতা পাবেন।
তবে কোনো শিক্ষার্থী যদি বছরে ২০ লাখ ইয়েনের বেশি মূল্যের অন্য কোনো স্কলারশিপ পান, তাহলে টোব মাকি স্কলারশিপের অর্থ অর্ধেক করা হতে পারে। যদিও জাপান স্টুডেন্ট সার্ভিসেস অর্গানাইজেশন (জ্যাসো/JASSO) বৃত্তি বা টিউশন ফি মওকুফের সুবিধা এ ক্ষেত্রে প্রভাব ফেলবে না।
স্কলারশিপের মেয়াদ
সাধারণত এ স্কলারশিপ দুই বছরের জন্য প্রদান করা হয়। তবে গবেষণায় বিশেষ সাফল্য ও মেধার ভিত্তিতে পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে বৃত্তির মেয়াদ সর্বোচ্চ চার বছর বা তারও বেশি সময় পর্যন্ত বাড়ানো হতে পারে। স্কলারশিপের অর্থ সরাসরি শিক্ষার্থীর ব্যাংক হিসাবে প্রদান করা হবে।
আবেদনের জন্য যেসব কাগজপত্র লাগবে
আবেদনকারীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে হবে। সেগুলো হলো—
অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি
আবাসিক সনদ (মাই নম্বর ছাড়া)
জিপিএ সনদ, যদি ট্রান্সক্রিপ্টে উল্লেখ না থাকে
২০২৬ সালের ১ এপ্রিলের পর প্রাপ্ত ভর্তি সনদ
ব্যক্তিগত বিবৃতি
চিকিৎসা সনদ
হালনাগাদ জীবনবৃত্তান্ত বা সিভি/রিজিউম
আবেদনের যোগ্যতা
স্কলারশিপের জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীকে জাপানের কোনো বিশ্ববিদ্যালয় বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি থাকতে হবে। এছাড়া স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী হতে হবে। স্নাতক পর্যায়ের ক্ষেত্রে আবেদনকারীকে অন্তত তৃতীয় বর্ষ বা তদূর্ধ্ব শ্রেণিতে অধ্যয়নরত হতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, যোগ্যতা ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে টোব মাকি স্কলারশিপ প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইটে।
জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ স্কলারশিপ হতে পারে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার বড় সুযোগ। বিশেষ করে আর্থিক সীমাবদ্ধতার কারণে যারা বিদেশে পড়াশোনার সুযোগ নিয়ে অনিশ্চয়তায় থাকেন, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস