
North South University-এ সামার সেমিস্টার ২০২৬–এর নবীন শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহ্দী আমিন। তিনি শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে বাস্তবমুখী শিক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষ, কর্মবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মাহ্দী আমিন। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি উচ্চশিক্ষাকে সময়োপযোগী ও কর্মমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, শিক্ষা পদ্ধতি, বিভিন্ন অনুষদ, সহশিক্ষা কার্যক্রম এবং ক্যাম্পাস সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। এ আয়োজনের মাধ্যমে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হয়।
৯৮ শিক্ষার্থী পেলেন বৃত্তি
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ১৮ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া মোট ৯৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগ নতুন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়।
অতিথিদের উপস্থিতি
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান এবং ইয়াছমিন কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য আবদুল হান্নান চৌধুরী।
জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থার আহ্বান
মাহ্দী আমিন বলেন, “আমাদের এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে জ্ঞান ও দক্ষতার সমন্বয় থাকবে এবং শিক্ষার্থীরা বাস্তব জীবনের জন্য প্রস্তুত হবে। শুধু বইয়ের পড়াশোনা নয়, শিল্পখাতের সঙ্গে সংযোগ, সহশিক্ষা কার্যক্রম এবং বাস্তব অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “শৃঙ্খলা, নৈতিকতা ও সততার চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চার প্রকৃত কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্য এমন শিক্ষা নিশ্চিত করা, যা শিক্ষার্থীদের দক্ষ, কর্মবান্ধব এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে তৈরি করবে।”
‘শুধু ডিগ্রি নয়, দায়িত্বশীল নাগরিক তৈরির অঙ্গীকার’
আজিজ আল কায়সার বলেন, “আমরা আমাদের শিক্ষার্থীদের যত্ন, শৃঙ্খলা ও সততার সঙ্গে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এখানে শিক্ষার্থীদের শুধু পড়াশোনার জন্য প্রস্তুত করা হয় না; বরং তাঁদের এমন নাগরিক হিসেবে গড়ে তোলা হয়, যাঁরা দায়িত্বশীল, নৈতিক, সহানুভূতিশীল এবং সমাজে শ্রদ্ধাশীল।”
উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটি শুধু সার্টিফিকেট বা ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান নয়; এটি বাস্তব জ্ঞান অর্জন এবং ভবিষ্যতের নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে, সৃজনশীল হতে এবং উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে উৎসাহিত করা হয়।”
সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত আয়োজন
পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়কে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এনএসইউর রেজিস্ট্রার আহমেদ তাজমীন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চারটি স্কুলের পরিচিতি তুলে ধরেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন মো. রিজওয়ানুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন সাজ্জাদ হোসেন, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন দীপক কুমার মিত্র এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন এ কে এম ওয়ারেসুল করিম।
এনএসইউর সহ–উপাচার্য নেছার উদ্দিন আহমেদ ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে North South University Sangskritik Shangathan (এনএসইউএসএস)-এর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।