
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ, আর একই দিন সন্ধ্যায় প্রকাশ করা হবে নির্বাচনের ফলাফল।
অন্তর্বর্তী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রুত নির্বাচনের আশ্বাস দিয়েছিলেন তামিম ইকবাল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যেই নির্বাচনের আয়োজন করা হচ্ছে। গত ৭ এপ্রিল দায়িত্ব নেন তামিম, আর ঠিক এক মাস পরই শুরু হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ার মূল ধাপ।
বিসিবির প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে আজ এ সংক্রান্ত তফসিল প্রকাশ করা হয়। নির্বাচনের কাউন্সিলর তালিকা জমা দেওয়ার শেষ সময় ছিল আজ। এর ভিত্তিতে ১৭ মে বিকেল চারটায় প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা।
ভোটার তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে তা গ্রহণ করা হবে ১৮ মে। পরদিন ১৯ মে শুনানি শেষে বিকেল পাঁচটায় প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
তফসিল অনুযায়ী, ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২১ ও ২২ মে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ২৩ মে যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে বৈধ প্রার্থীদের তালিকা।
এরপর ২৪ মে আপিল গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। একই দিনে পোস্টাল ও ই-ব্যালটের জন্য আবেদনও গ্রহণ করা হবে।
ঈদুল আজহার বিরতির পর ১ জুন আবার শুরু হবে নির্বাচনী কার্যক্রম। ওই দিন থেকে পোস্টাল ও ই-ব্যালট পাঠানো শুরু হবে, যা চলবে ৬ জুন পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব ব্যালট পৌঁছানোর শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৭ জুন দুপুর ১টা পর্যন্ত।
নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মিরপুরে বিসিবি কার্যালয়ের বোর্ডরুমে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়ার পর সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা করা হবে।
এবারের নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচিত হবেন ২৩ জন পরিচালক। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে আরও দুজন পরিচালক যুক্ত হবেন। পরে ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবে বিসিবির নতুন সভাপতি।
নির্বাচন কমিশনের নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। কমিশনের অন্য সদস্যরা হলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।